মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
উল্লাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ওয়াদুদ হোসেন মিঞা। ইশতেহারে এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে কাউন্সিলর পদপ্রার্থী এলাকার সম্মানিত মুরুব্বিয়ান, তরুণ সমাজ ও সর্বস্তরের এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তিনি তাদেরই একজন সন্তান এবং দীর্ঘদিন ধরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। ওয়ার্ডবাসীর সেবা করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত ইশতেহারে তিনি উল্লেখ করেছেন, ৬ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলা ও নানা সামাজিক-গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। নাগরিক পরিষেবা যেমন—নাগরিক সনদ এবং অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি ও অতিরিক্ত সময়ক্ষেপণ বন্ধে আধুনিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে নাগরিক সুবিধা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। নারী উন্নয়ন ও সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রার্থী জানিয়েছেন, এলাকায় নারী অধিকার নিশ্চিতকরণসহ তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পৌরসভার সকল নাগরিক সুযোগ-সুবিধায় নারীদের অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করবেন। ভৌত অবকাঠামো ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ওয়ার্ডের প্রতিটি অলিগলির রাস্তা পাকা ও সংস্কার করা হবে। ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা দূর করা এবং রাতের বেলা নিরাপত্তার সুবিধার্থে পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। একই সাথে নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, নিয়মিত বর্জ্য অপসারণ ও মশা নিধন কার্যক্রমের মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার ঘোষণা দিয়ে তিনি জানান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সরকারি সহায়তার সুফল যেন কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের হাতে পৌঁছায়, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে। শিক্ষা খাতের অগ্রগতিতে এলাকার স্কুল ও মাদ্রাসাসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সার্বিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষা করে একটি শান্তিময়, সৌহার্দ্যপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার অঙ্গীকার প্রকাশ করা হয়।
ইশতেহারের শেষাংশে কাউন্সিলর পদপ্রার্থী অতীতে যেমন পৌরবাসীর পাশে ছিলেন, ভবিষ্যতেও সারাজীবন সেবক হিসেবে এলাকাবাসীর সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। ৬ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, সুরক্ষিত ও আদর্শ ওয়ার্ডে রূপান্তর করতে তিনি আসন্ন নির্বাচনে এলাকার সম্মানিত ভোটারদের মূল্যবান ভোট, পূর্ণ সমর্থন এবং সার্বিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত