কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজার ১৪৩৩ বাংলা সনের জন্য ৭ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি মোকাম হিসেবে পরিচিত এ বাজারটি নিয়ে প্রতি বছরই ব্যাপক আগ্রহ দেখা যায়।
উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের বাসিন্দা, মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান ভূঁইয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা লাভ করেছেন। তিনি ইতোমধ্যে ইজারার অধিকাংশ অর্থ পরিশোধ করেছেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিমসার দৈনিক বাজার ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলে সফিকুর রহমান ভূঁইয়া সর্বোচ্চ দর হিসেবে ৭ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করেন। এর প্রেক্ষিতে গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ভ্যাট ও আয়করসহ মোট ৯ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা ৭ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়।
নতুন ইজারাদার সফিকুর রহমান ভূঁইয়া জানান, তিনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন। তিনি বলেন, “প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে বাজারের খাজনার হার আগের তুলনায় কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, মোকাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীমউদ্দীনের অনুপ্রেরণায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও তার পরামর্শ অনুযায়ী বাজার পরিচালনা করবেন।
ঐতিহ্যবাহী নিমসার বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন নতুন ইজারাদার।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত