কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাঁদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল (নং-২১৬৬) রহিত দেওয়ান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির আওতাধীন নারায়ণপুর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের প্রতিনিধিরা আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিন এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
হস্তান্তর প্রক্রিয়া শেষে দুই পুলিশ সদস্যকে সুস্থ অবস্থায় প্রাথমিক আইনগত ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬ -০১৮৬৮২৩৫১৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত