
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মাঘ মাসের শীতের মধ্যেই হঠাৎ করে ভয়াবহ বিদ্যুৎ ভোগান্তিতে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দারা। বিগত ২০ থেকে ৩০ বছরের মধ্যে এমন টানা ও ঘন ঘন লোডশেডিং এই এলাকায় কেউ দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। গত পাঁচ দিন ধরে শাহজাদপুর পৌরসভাসহ পুরো উপজেলায় দিনে ও রাতে মিলিয়ে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফলে ঘরোয়া কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , ২০২৬ সালের জানুয়ারীর শুরু থেকেই দেশব্যাপী গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। গ্যাস-ভিত্তিক একাধিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে সরাসরি প্রভাব পড়ছে শাহজাদপুরসহ দেশের বিভিন্ন গ্রামীণ ও আধা-শহর এলাকায়। শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত। সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ কম থাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সীমিত করা হচ্ছে। এর ফলেই এলাকাভিত্তিক লোডশেডিং বাড়ছে। এতে করে পুরো উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে। এই বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ শামীম হাসান বলেছেন,দ্রুত সমাধান হবে। বর্তমান সমস্যাটি সাময়িক। জাতীয় পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে। আশা করেছি আগামী ২–১ দিনের মধ্যেই বিদ্যুৎ লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই দিকে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা বলেছেন, শীতের এই সময়ে এমন লোডশেডিং জনজীবনে চরম ভোগান্তি ডেকে এনেছে এবং জনজীবন অতিষ্ট হয়ে যাচ্ছে।


















