মুন্সীগঞ্জ প্রতিনিধি-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে দুই ব্যক্তি প্রবেশ করে বৈদ্যুতিক তার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— সাগর (৩০), পিতা ফরহাদ, গ্রাম গোয়ালীমান্দ্রা এবং ছানারুল (২৪), পিতা পেন্টু মান্তা, উভয়েই লৌহজং উপজেলার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তারা সবাই লৌহজং উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত