শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ
শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচারহীনতার সংস্কৃতির অবসানের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ ২৪ মে ২০২৬, রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য তাহমিদুল ইসলাম তামিম সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মনোয়ার সৌরভ, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, নারী সংহতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুরুন্নেছা মুন্নী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক শওকত ওসমান তৌকির। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আরিফুল হক আরিফ।
বক্তারা বলেন, শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চললেও অপরাধীদের বিচার নিশ্চিত না হওয়ায় সমাজে ভয় ও অনিরাপত্তা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধকে আরও উৎসাহিত করছে বলেও তারা উল্লেখ করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক শওকত ওসমান তৌকির বলেন,
“শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। একটি শিশুও আজ নিরাপদ নয়। দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ এবং হত্যার ঘটনা বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধকে আরও উৎসাহিত করছে। তাই আইনি কাঠামোর গুণগত সংস্কার এখন সময়ের দাবি। অন্যথায় কেবল জনগণের চাপে কিছু বিচারকার্য সম্পন্ন হলেও সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।”
সমাবেশের সভাপতি আরিফুল হক আরিফ বলেন,
“রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্বহীনতা এবং সামাজিক অবক্ষয়ের ফলে নারীরা আজ ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা জনপরিসর কোথাও নিরাপদ নন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেও রাষ্ট্র ব্যর্থ হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার বদলে দায়সারা বক্তব্য ও নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।”
সমাবেশ থেকে অবিলম্বে শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা, জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদান এবং সারাদেশে সংঘটিত সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানানো হয়। একইসঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত