তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো “সম্প্রীতির অলিম্পিয়াড” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাগেরহাট সদর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় এ আয়োজন সম্পন্ন হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) কলেজের অডিটোরিয়ামে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতা ছিল জ্ঞান, সচেতনতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও নাগরিক দায়বদ্ধতা বিষয়ক প্রশ্ন তুলে ধরা হয় এবং বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে উত্তর গ্রহণ করা হয়।
এই আয়োজনটি বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর “মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)” প্রকল্প, যা এফসিডিও’র অর্থায়নে পরিচালিত। প্রকল্পটির লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা গড়ে তোলা।
প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তৈয়েবা তাসরিফ প্রথম স্থান, পূজা রায় দ্বিতীয় স্থান এবং মিনা তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।
বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এ. জে. এম. রুহুল কাদের এর সভাপতিত্বে ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর এম. এফ. হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর পিএফজি ও প্যান জেলা কমিটির কো-অর্ডিনেটর এস. কে. এ হাসিব, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার'সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে তরুণদের ইতিবাচক শক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “বর্তমান সময়ে বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি।” তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, “সম্প্রীতির অলিম্পিয়াড” তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা চর্চা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনাও জানানো হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত