
দেলোয়ার হোসেন পাটওয়ারী
বিশেষ প্রতিনিধি লক্ষ্মীপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন রায়পুরস্থ প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রায়পুর পৌর এলাকার গুহা চাইনিজ সেন্টারে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নেতা এইচ এম মোরশেদ ফারুকের উদ্যোগে রায়পুরস্থ প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীদের এক বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সভাপতি এইচ এম মোরশেদ ফারুকের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের প্রধান সমন্বয়ক মোঃ মুকুল পাটওয়ারী।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক লায়ন হারুনুর রশিদ হিরো, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, আব্দুল কাদের দুলাল (সভাপতি, প্রবাসী প্রাক্তন ছাত্রদল), মিজানুর রহমান খান (সহ-সভাপতি, উপজেলা প্রাক্তন ছাত্রদল), রানা পাটওয়ারী (যুগ্ম সাধারণ সম্পাদক, প্রবাসী প্রাক্তন ছাত্রদল), আবু হানিফ তালুকদার (সহ-সভাপতি, উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল), মোঃ তানভীর আহমদ (প্রবাসী প্রাক্তন ছাত্রদল, পৌর শাখা)সহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।
প্রবাসে থেকেও রাজনীতির মাঠে সক্রিয় থাকা নেতাকর্মীদের এই মিলনমেলা একপর্যায়ে আবেগঘন রাজনৈতিক সমাবেশে পরিণত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। অতীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারাই আজ দলের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছেন।
বিশেষভাবে আলোচনায় উঠে আসে সভাপতি এইচ এম মোরশেদ ফারুকের ত্যাগ ও নেতৃত্বের কথা। বক্তারা বলেন, রাজনৈতিক নিপীড়নের কারণে বিদেশে কষ্টকর জীবনযাপন করলেও তিনি কখনো দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। পরিবার-পরিজন থেকে দূরে থেকেও তিনি দলীয় আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও গরিব ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং দলীয় কর্মসূচিতে অর্থনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়ার মাধ্যমে তিনি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বক্তারা আরও বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সাবেক ছাত্রনেতারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রবাসী প্রাক্তন ছাত্রদল আগামীর আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে রায়পুরে একটি কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশায় অভিষেক অনুষ্ঠানটি শেষ হয়।




















