
মোহাম্মদ সবুজ খান ব্রাহ্মণবাড়িয়া কসবা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা–আখাউড়া) আসনের কসবা উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় কসবা পৌর জামায়াত অফিস কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান সরকার বলেন, কসবা টিয়ালি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। পুরুষের পাশাপাশি নারী জামায়াত সদস্যরাও মাঠের এক পাশে পৃথক ব্যবস্থায় উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ও দুপুর থেকেই জনসভার কার্যক্রম শুরু হবে। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তারা ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা’ শ্লোগানকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
জেলা জামায়াত নেতা কাজী সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ইয়াকুব আলী, অধ্যাপক ফরিদ উদ্দিন, পীরজাদা শিবলী নোমানী, মাওলানা গোলাম সারোয়ারসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ ১১ দলীয় জোটের নেতারা।
মোহাম্মদ সবুজ খান




















