
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টার প্রাইজের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ মে ) বেলা ১২ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের একটি হোটেলের হল রুমে এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকেরা অংশগ্রহণ করেছিলেন। কর্মশালায় প্রশিক্ষকেরা মৌমাছি পালন পদ্ধতি,আধুনিক বক্স ব্যবস্থাপনা,মৌ সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া মৌ-চাষকে একটি লাভজনক উদ্যোক্তা উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিষয়ে ও বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টার প্রাইজের সিনিয়র ম্যানেজার নিবিড় কুমার শাহা,উত্তরবঙ্গের মৌমাছি সমিতির সভপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক শিশির কুমার শাহা সহ আরো অনেকে।






















