
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা লেখক পরিষদের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে এই কর্মসূচি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়েছিলো। এতে উপজেলা লেখক পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও মোটিভেশনাল স্পিকার এবি সিদ্দিক শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রেখেছিলেন সহ-সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি এবং উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মোঃ হাফিজুর রহমান বাবলু। মাদক বিরোধী র্যালি ও সমাবেশ শেষে উপজেলা লেখক পরিষদের পক্ষ থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এইচডি ২৪- এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার (সিরাজগঞ্জ) স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেছেন,”চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে; মাদককে না বলি,নেশামুক্ত দেশ গড়ি। এই সময়ে” বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন,সম্পূর্ণ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই—যেখানে খোলামেলা মাদক বিক্রি হচ্ছে,সেখানে অভিযান চালিয়ে মাদক ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের মরণ ছোবল তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মাদকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই সামাজিক সচেতনতা এবং পারিবারিক শিক্ষার তীব্র প্রয়োজন। এই সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত দলমত নির্বিশেষে খেটে খাওয়া সাধারণ মানুষ।














