
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: মো. ফয়সাল সিকদার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ১ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় একজনসহ চুরি মামলার আসামি ও সিআর পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩ অক্টোবর বিজিবি অভিযান পরিচালনা করে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় সীমান্তের মেইন পিলার ২০৫৮/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেললাইনের পূর্ব পাশে মল্লিকারদিঘী-আশাবাড়ি সড়ক থেকে ১ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় মো. মেহেদী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের সাহাপুর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ৪ অক্টোবর ভোর ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৫, তারিখ ৯ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার পলাতক আসামি মো. পারভেজ প্রকাশ মিঠু (২০)-কে মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি তাজুল ইসলাম (৪৬)-কে টাটেরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















