
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। কোনো বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানায়। এ সময় বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় পরিস্থিতি ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিশেষে, শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।


















