
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় সূত্রে এই সব তথ্য নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের আংশিক আসনের ১৬৫ কেন্দ্রের সব কয়টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১৬২ কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতী ইসলাম মনোনীত মোঃ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ ও তাড়াশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। ১৫৮ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১৪৭ কেন্দ্রের মধ্যে জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। আসনটির ১৩১টি কেন্দ্রের সব গুলো কেন্দ্রের ফলাফলে ১লাখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এই ফলাফল ঘোষণা করেছেন। সর্বশেষ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। ১৬০ টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ডক্টর এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট।



















