
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা ড্রেন পরিষ্কার করে পানির স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় জনগণকে বর্ষা মৌসুমের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ কাজটি সম্পন্ন হয়েছে ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে। শনিবার লাকসাম রোড থেকে দৈয়ারা যাওয়ার পথে অবস্থিত এই ড্রেনটি দীর্ঘকাল যাবৎ আবর্জনা ও পলিমাটি জমে বন্ধ হয়ে ছিল, যার ফলে সামান্য বৃষ্টিতেই আশেপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হত।
ড্রেনটি পুনরায় চালু করার ফলে দৈয়ারা, কচুয়া, দূর্গাপুর, লক্ষীপুর এবং জাঙ্গালিয়া গ্রামের মানুষ উপকৃত হবে। বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক গতি প্রবাহ বজায় থাকলে এই সব গ্রামের লোকজনকে জলাবদ্ধতার চরম ভোগান্তি থেকে রক্ষা করা সম্ভব হবে। স্থানীয় এলাকাবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ড্রেন পরিষ্কারের কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই উদ্যোগের মাধ্যমে জনদুর্ভোগ কমার পাশাপাশি এলাকার পরিবেশগত অবস্থারও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।





















