
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে একাধিক বিয়ে, বিচ্ছেদ এবং কৌশলে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী ও তাঁর মায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম মোসা. লিমা বেগম (৩২)। তিনি উত্তর মুরাদিয়া গ্রামের সেলিম মৃধার মেয়ে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত লিমা ও তাঁর মা মাহিনুর বেগম একটি চক্রের মতো কাজ করেন। প্রথমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ান, কিছু দিন পর বিচ্ছেদ ঘটিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে আত্মগোপন করেন। পরে আবার নতুন বিয়ে করেন।
অনুসন্ধানে জানা গেছে, লিমার প্রথম বিয়ে হয় রাঙ্গাবালীতে, দ্বিতীয় বিয়ে বরগুনায় এবং তৃতীয় বিয়ে বাউফলের কারখানা গ্রামে। পরবর্তীতে দুমকির মুরাদিয়া গ্রামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের পর একই গ্রামের অপর এক ব্যক্তিকে তিনি বিয়ে করেন। গত ৯ সেপ্টেম্বর তাঁদের বিচ্ছেদ ঘটে।
অভিযোগের বিষয়ে লিমার পঞ্চম স্বামী মো. কবির হোসেন জানান, সংসারে থাকাকালে লিমা গোপনে পাঁচটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন মানুষকে প্ররোচিত করতেন। তিনি অভিযোগ করেন, “সম্প্রতি আমার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে লিমা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে আত্মগোপনে চলে যায়।”
এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৩৬) করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী আদালতে লিমা ও তাঁর মায়ের বিরুদ্ধে দুটি মামলা (সিআর ৮৯৭ ও এমপি ৫৭৫) দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
অভিযোগের সত্যতা জানতে লিমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ ও জিডির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


















