
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি পরিপক্ব গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ কেজি ৫০ গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি বিশেষ টিম মান্দা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন যে, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচু ক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত শ্রী নিতাই কুমার মন্ডল (৪৫), পিতা- নন্দ কুমার মন্ডল, সাং- রামনগর, থানা- মান্দা, জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত সাক্ষীদের সামনে তার কচু ক্ষেত তল্লাশি করে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছটির ওজন পরিমাপ করে ২ কেজি ৫০ গ্রাম পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক উৎপাদন, পরিবহন, বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
স্থানীয় সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।













