
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় তৈরি ৮ বোতল হুইস্কিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের শশীদল ইউনিয়ন শাখার এক সাংগঠনিক সম্পাদক, আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং সামারি ট্রায়ালে তিনজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার থেকে ব্রাহ্মণপাড়া সড়কের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কৃষিজমিতে পানি সেচের ডিপকল-সংলগ্ন পাকা রাস্তা থেকে ভারতীয় তৈরি ৮ বোতল হুইস্কিসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি বাঁশতলা এলাকার বাসিন্দা।
একই দিন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই ডি.এম.এ. মজিদসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি ফারুক আহম্মেদ (৪২) এবং মামলার ঘটনায় জড়িত সন্দেহে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। শিশু দুটির বয়স ১৭ বছর বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ১৩ অক্টোবর এএসআই মো. নুর আল আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিনে এসআই মো. মাহতাব হোসাইন ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে আমজাদ হোসেন (৫৪), শরীফুল ইসলাম (২৪) ও মো. হেলালকে (২৮) আটক করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল এবং মাদক সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।



















