
কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৬’ এর জন্য মনোনীত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাম উজ্জ্বল করেছে ৪ ক্ষুদে শিক্ষার্থী। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটস দেশব্যাপী চূড়ান্ত মূল্যায়ন শেষে মোট ১,৯৩৭ জন কাব স্কাউটের তালিকা প্রকাশ করে, যেখানে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে ব্রাহ্মণপাড়ার চার কৃতি সন্তান।
মনোনীত শিক্ষার্থীরা হলো— উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির সরকার, টাকুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শোয়াইব আহমেদ, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরিয়ম খান ও রাইয়ান হাসান।
উপজেলার এই ঐতিহাসিক সাফল্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্কাউটস নেতৃবৃন্দের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় অতিথিরা শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রেখে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। গৌরবদীপ্ত এই ক্ষুদে স্কাউটদের আগামী দিনের পথচলার জন্য রইল অফুরান শুভকামনা।



















