
(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) সকালে মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। তাদের উপস্থাপিত ধারণা, গবেষণামূলক কাজ ও প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামূলক কার্যক্রম দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি তরুণদের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, একাডেমিক সুপারভাইজার আবদুল লতিফ, যুবদল সভাপতি আব্দুল জলিল, শিক্ষক নেতা নাসির উদ্দিন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আয়োজক সূত্রে জানা যায়, এডুকেশন ইঞ্জিনিয়ারিং সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মান্দা।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেগবান করবে।




















