
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অন্তর্গত, দমদমা গ্রামে যৌতুকের দাবিতে কলেজছাত্রী গৃহবধূ মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার এস আই সারোয়ার জানিয়েছেন ,গত ৫ জানুয়ারী, ঢাকার মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। নিহত রিয়া খাতুন, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানিয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে গত ৯ নভেম্বর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ১২ ডিসেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় রিয়ার স্বামী সোহেল রানাকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে এবং তারা দ্রুত মামলার বাকি আসামিদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ নুরে আলম বলেছেন গ্রেপ্তারকৃত আসামিকে আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






















