
দেলোয়ার হোসেন পাটওয়ারী লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ৭ নং বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী বাহারুল আলম।
তিনি বলেছেন, আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন, যাদের আশপাশে নেশাগ্রস্ত, গাঁজাসেবী ও মাদকসেবীদের অবস্থান থাকবে না।
শনিবার বিকেলে বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহারুল আলম আরও বলেন, কারা মাদক সেবন করে, কারা মাদক বিক্রি করে, তা আমরা জানি। মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দল বা দলের কোনো নেতাকে বিবেচনা করা হবে না। এলাকার মানুষের সম্মান ও যুবসমাজকে রক্ষা করাই হবে প্রধান লক্ষ্য। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ রানা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এতে উদ্বোধন করেন বামনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলাম।
৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর কবির ভূঁইয়া, মহিলা নেত্রী কাজী ফাতেমা ও আবুল বাশার সদাগর।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন









