
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মিলন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও উৎসব আয়োজনের খোঁজখবর নেন।
হাজী আনোয়ার হোসেন বলেন, “দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সার্বভৌমত্ব ও স্বাধীনতা পেয়েছি। স্বাধীন বাংলাদেশে আপনারা ধর্মীয় উৎসব পালন করবেন—এটি আপনাদের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার।”
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জীবন মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিলানী খান সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান হাজী আনোয়ার হোসেন।














