
সালমা আক্তার স্টাফ রিপোর্টার
“বিভেদ নয়, ঐক্যই হোক সাংবাদিকদের শক্তি” — এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ঐক্য পরিবার’-এর সাংগঠনিক আলোচনা ও পরিচিতি সভা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা শুরু হয়। জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ জনের অধিক সাংবাদিকের বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্য এবং দুপুর ২টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুন্নেসা স্কুলের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আজাদ সরকার লিটন। সঞ্চালনায় ছিলেন নগর বাংলা টিভির সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, কুমিল্লা সাংবাদিক ঐক্য পরিবার কোনো রাজনৈতিক বা পদ-পদবির সংগঠন নয়, এটি সাংবাদিকদের একটি পরিবার। দীর্ঘদিনের বিভেদ, গ্রুপিং ও বঞ্চনার অবসান ঘটিয়ে সকল সাংবাদিককে একটি ছাতার নিচে আনাই এই পরিবারের মূল উদ্দেশ্য।
*এ সময় ৬ দফা লক্ষ্য ঘোষণা করা হয়। যথা —
১. একজন সাংবাদিকের বিপদে সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে পাশে থাকা,
২. সাংবাদিকদের হারানো সম্মান ও পেশাদারিত্ব ফিরিয়ে আনা,
৩. হামলা-মামলা ও হয়রানির শিকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা,
৪. উপজেলা ও গ্রাম পর্যায়ের প্রান্তিক সাংবাদিকদের খুঁজে বের করে ঐক্যবদ্ধ করা,
৫. বিভিন্ন প্রেসক্লাব থেকে বঞ্চিত যোগ্য সাংবাদিকদের সম্মানের সাথে স্থান দেওয়া এবং
৬. ছোট-বড় ভেদাভেদ ভুলে বৈষম্যহীন সাংবাদিক পরিবার গড়ে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত বাবুল বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে পেশাদার সাংবাদিকদের ঐক্য ছাড়া বিকল্প নেই। কুমিল্লা সাংবাদিক ঐক্য পরিবার আগামীতে সাংবাদিকতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”
সংগঠনের উপদেষ্টা আজাদ সরকার লিটন বলেন, “একটি সংগঠনের মূল ভিত্তি হলো শৃঙ্খলা, সাংগঠনিক কাঠামো এবং পারস্পরিক সৌহার্দ্য। কুমিল্লা সাংবাদিক ঐক্য পরিবারকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সব ধরনের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবো।”
সাধারণ সম্পাদক মো. রাজিব ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা মাঠ পর্যায়ের সাংবাদিকদের পাশে থেকে কাজ করতে চাই। সকল সদস্যের সম্মিলিত অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে এবং এটি কুমিল্লায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।”
জাতীয় দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সালমা আক্তার তার বক্তব্যে বলেন, “কে ছোট পত্রিকার, কে বড় পত্রিকার — সেটা দেখার বিষয় নয়। আমাদের একটাই পরিচয়, আমরা সাংবাদিক। যে কাজ জানে না, তাকে হাতে-কলমে শিখিয়ে প্রকৃত সাংবাদিক হিসেবে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।”
সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল সালাম চৌধুরী বলেন, “আজকের এই সুন্দর ও সফল আলোচনার মাধ্যমে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হলো। উপদেষ্টা মণ্ডলী, সাধারণ সম্পাদক, সঞ্চালকসহ উপস্থিত সকলের আন্তরিকতা প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন জেলার সাংবাদিকদের অন্যতম মর্যাদাশীল প্ল্যাটফর্ম হবে।”
এ সময় কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে সকলের সমান অংশগ্রহণে সভাটি সম্পন্ন হয়। শেষে উপস্থিত সকল সাংবাদিক একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার শপথ গ্রহণ করেন।


















