
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড.সালাম জাহানারা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী ২০২৬” গত (শুক্রবার) ২৯ মে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত এই মিলনমেলায় শিক্ষক- শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নতুন কমিটি ঘোষণা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কেড়েছে। সকালে বর্ণিল র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছিলো। এর আগে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা, নিবন্ধন যাচাই,আইডি কার্ড,টি-শার্ট ও মগ বিতরণ এবং প্রাতরাশ পরিবেশন করা হয়েছিলো। র্যালি শেষে সবাই কলেজের ‘রজনীকান্ত মুক্তমঞ্চে’ সমবেত হয়েছিলেন। জাতীয় সংগীত পরিবেশন এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ড.আব্দুস সালাম মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়েছিলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ জোনায়েদ হোসেন এবং প্রাক্তন অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুল আজিজ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি হাজী কোরপ আলী কলেজের অধ্যক্ষ,প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যগণ। উদ্বোধনী পর্বের পর শুরু হয়েছিলো ব্যাচভিত্তিক পরিচিতি,উন্মুক্ত আলোচনা ও শিক্ষকদের স্মৃতিচারণ। সুদূর প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই আনন্দের অংশীদার হয়েছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো কলেজের ‘অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন’ -এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস হাসান সংগঠনের ভিশন ও উদ্দেশ্য তুলে ধরেছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলা,যা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আজীবন যুক্ত থেকে শিক্ষা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়নে যৌথ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের অঙ্গীকারের মধ্যে রয়েছে—কলেজের অবকাঠামোগত উন্নয়ন,লাইব্রেরি ও ল্যাবরেটরি আধুনিকায়ন, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,সদস্যদের ক্যারিয়ার উন্নয়ন এবং প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার শিক্ষার্থীদের কর্মসংস্থানে বিশেষ সহায়তা করা। ঘোষণা অনুযায়ী, পুনর্মিলনীতে নিবন্ধিত সকল প্রাক্তন শিক্ষার্থী সাধারণ সদস্য এবং আয়োজক কমিটির সদস্যরা আজীবন সদস্য হিসেবে গণ্য হবেন। ২০২৬-২০২৭ মেয়াদের প্রাথমিক কমিটি আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়কঃ মোঃ সাইফুল ইসলাম সভাপতিঃ ফেরদৌস হাসান,সহ-সভাপতিঃ কামরুন নাহার কলি ও মোহাম্মদ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদকঃ মোঃ শামিমুল হক,যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ মুরাদুজ্জামান,মোহাম্মদ জাকির হোসেন ও মোঃ রাসেল পারভেজ,কোষাধ্যক্ষঃ মোঃ জাহিদুল ইসলাম (২০০৫ ব্যাচ) সহ-কোষাধ্যক্ষঃ মোঃ সুমন ও মোঃ মেহেদী হাসান রাকিব,নির্বাহী সদস্যবৃন্দঃ মোঃ তারিকুল আলম চৌধুরী,রেজাউল হাসান,নাজমুল ইসলাম,মোঃ লিটন হোসেন,মোঃ হযরত আলী বাবু,মোঃ মাহমুদুল হাসান, জাহিদ হাসান,আলহাজ্ব রহমান খান,বর্ণালী সাহা,মানিক হোসাইন,আবুল কালাম আজাদ,শরিফুল ইসলাম এবং মোঃ সোহেল রানা। উপদেষ্টা কমিটিঃ প্রতিষ্ঠাতা জাহিদুস সালাম মিয়া (দীপক),গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুল আজিজ সরকার,অধ্যক্ষ জোনায়েদ হোসেন,সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ ফেরদৌস হাসান এবং প্রাক্তন শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম মিল্টন। দুপুরের বিরতিতে ডাটাবেজ পরিসংখ্যান উপস্থাপন,গ্রুপ ফটো সেশন ও শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। এই পর্বে শ্রদ্ধেয় শিক্ষক ও কর্মচারীদের ফুল দিয়ে বরণ এবং বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। সম্মাননার অংশ হিসেবে মুসলিম শিক্ষক-কর্মচারীদের জায়নামাজ এবং সনাতন ধর্মের শিক্ষক – কর্মচারীদের নামাবলী ও পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা বই উপহার দেওয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানের স্পন্সরদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। বিকেলের অধিবেশনে আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো,যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় (অ্যাঙ্কার) ছিলেন ফেরদৌস হাসান, মোজাম্মেল হক,সাইফুল ইসলাম,বর্ণালী সাহা ও রাসেল পারভেজ। ফেরদৌস হাসান, মোজাম্মেল হক,সাইফুল ইসলাম ও শামিমুল হকসহ একঝাঁক তরুণ শিক্ষার্থীর দিনরাত অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন,ছোটো খাটো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা আগামীতে শুধরে নিয়ে আরো দৃঢ় পদক্ষেপে চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ তথা দেশ ও জাতির কল্যাণে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।

















