
কুমিল্লা, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:ফয়সাল সিকদার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় জিলানী পরিবহন অ্যান্ড মৎস্য আড়তে একাধিকবার চুরির অভিযোগ উঠেছে।
সর্বশেষ আজ সকাল ৬টার দিকে আড়তের সিসিটিভি ফুটেজে লুঙ্গি পরা এক ব্যক্তিকে সোয়ারুমে প্রবেশ করতে দেখা যায়।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কক্ষে ঢুকে বালিশের নিচে রাখা নগদ ৭০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ফ্ল্যাশলাইট নিয়ে বেরিয়ে যান।
পরে সিসিটিভি ফুটেজ দেখে আড়তের স্বত্বাধিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাবি করেন, রফিক নামের এক ব্যক্তি তাকে চুরির জন্য পাঠিয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, চুরি করা মোবাইল ফোনটি সামির নামের এক ব্যক্তির কাছে জমা রেখে ৭০ হাজার টাকা রফিকের কাছে দেন এবং বিনিময়ে ৮০০ টাকা পান। এরপর আবারও চুরির উদ্দেশ্যে তিনি মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় আসেন বলে দাবি করা হয়েছে।
এদিকে, আটক ব্যক্তির বক্তব্যের সূত্র ধরে রফিককে ঘিরেও মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিতে কিশোরদের ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, রফিক চট্টগ্রাম-কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে মাধবপুর এলাকায় বিক্রি করেন। এছাড়া তার বিরুদ্ধে কিশোরদের নিয়ে একটি চক্র গঠন করে চুরি ও ডাকাতির কাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, যারা তার কথামতো কাজ করতে রাজি হয় না, তাদের বিরুদ্ধে মাদক দিয়ে বিভিন্ন থানায় মামলা দেওয়ার ভয় দেখানো বা মামলা করানোর চেষ্টা করা হয়।
পরে স্থানীয়রা আটক ব্যক্তিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


















