
কুমিল্লার মুরাদনগরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিশেষ অভিযান চালিয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এই অভিযানে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাজা চাপিতলা গ্রামে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার মৃত মো. হামিদের ছেলে বাবুল মিয়া (৪৮), তার স্ত্রী জোসনা বেগম (৪৫) (বর্তমানে রাজা চাপিতলা গ্রামের বাসিন্দা) এবং একই গ্রামের শিশু মিয়ার ছেলে মো. আব্দুল আলীম (৩৬)।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয় এবং তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।





















