
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নবজাতককে গলা কেটে হত্যার পর লাশ টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক পাষণ্ড মায়ের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মা ও তার স্বজনেরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে প্রায় এক বছর আগে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করীম মণ্ডলের বিয়ে হয়। ছয় মাস সংসার করার পর পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌস স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। এই দিকে করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী পরকীয়া প্রেমিকের প্ররোচনায় গত ২৭ অক্টোবর করীমকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে বলে জানা যায়। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের গর্ভে করীমের সন্তান থাকলেও বিষয়টি পরিবার গোপন রাখে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে জান্নাতুল ফেরদৌস কন্যা সন্তান প্রসব করেছে। অভিযোগ রয়েছে, সন্তান জন্মের পর জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে লাশ মাটিচাপা দিতে বাড়ির পেছনে গর্ত খুঁড়তে গেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত পরিবার পালিয়ে যায়। এই বিষয়ে করীম মণ্ডলের পরিবারের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা জানান। এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ সাইফুল ইসলাম বলেছেন,ঘটনার বিষয়ে অবগত হয়েছি এস আই মাহবুব হাসান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি ময়না তদন্ত শেষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।






















