
ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি ফয়সাল শিকদার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা মডার্ন হাইস্কুলের এক শিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় আকছিনা মডার্ন হাইস্কুল মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আকছিনা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আকছিনা কোল্লাবাড়ী দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
এ সময় খন্দকার জাহাঙ্গীর আলম, আজাদ সরকার, কাজী গোলাম জিলানী, খন্দকার আজাদ, শিমূল ভূঁইয়া, শাহ আলম জমদ্দার, মো. শামীম রেজা, কে.এম. আশরাফুল ইসলাম রনি, হাজী শামীম ও মো. সাদ্দাম খন্দকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টার দিকে ওই শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে।
মামলায় দেলোয়ার হোসেন জিন্নাহর নাম আসায় তার বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন জিন্নাহ। তার দাবি, ওই শিক্ষিকার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং তাকে সিএনজিতে করে ঘুরতে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়েছিল। অন্যদিকে শিক্ষিকার অভিযোগ, তাকে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে।
মানববন্ধনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, কোনো অপরাধের সঙ্গে দলীয় পরিচয়কে যুক্ত করা উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনকে সহযোগিতা করা হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে কসবা থানায় একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। তবে এসব মামলার বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

















