
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জে ৯টি উপজেলার ১৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে বেলকুচিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান,সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম,জেলা মাধ্যমিক শিক্ষা কার্যলয়ের অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষাবিদ ও স্থানীয় কর্মকর্তারা। এই সময়ে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। পরশেষে, মেধাবী তরুণদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটেছে।


















