কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. আক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আবন মিয়া (৩৬) নামে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত ২টা ৫০ মিনিটের দিকে কসবা থানাধীন ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চকবস্তা এলাকার তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কসবা থানার এসআই সাগর হালদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. আক্তার হোসেন কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। অপরদিকে, পলাতক মো. আবন মিয়া উত্তর চকবস্তা এলাকার নোয়াবাড়ীর ফরিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।



















